কাপ্তাই হ্রদে মাছ আহরণ ১০ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ

কাপ্তাই হ্রদে পানি প্রয়োজনীয় পরিমাণে না বাড়ায় হ্রদে মাছ ধরার সময়সীমা ৩১ জুলাই থেকে আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট করা হয়েছে। তবে ১০ আগস্টের মধ্যেও যদি হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ে, সেই ক্ষেত্রে পুনরায় সভা করে এই মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক নৌকমান্ডার তৌহিদুল ইসলাম।

 গতকাল বুধবার এ সংক্রান্ত জরুরি জুম মিটিংয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।

বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অফিস, নৌ পুলিশ, বিএফডিসি, মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আপাতত ১০ আগস্ট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ল, তবে সেটা নির্ভর করছে পানি কী রকম বাড়ছে তার ওপর। যদি পানি ১০৩ ফুট হয় তবে ১০ তারিখ মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে, যদি তা না হয়, তবে আমরা ৮/৯ আগস্ট আবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতি বছরের মতো এ বছরও গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।