গাজীপুরের কালীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণ নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২১ বছর বয়সী নিখোঁজ রাব্বি হাসান টিউরি গ্রামের খোকন মিয়ার ছেলে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল বুধবার দুপুরে নিখোঁজ তরুণের সন্ধানে উদ্ধার অভিযানে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৫টায় ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছিল।
নিখোঁজ রাব্বির ফুফাতো বোন ফারহানা মিলি জানান, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙর করা একটি জাহাজে বসে রাব্বিসহ তার কয়েক বন্ধু আড্ডা দিচ্ছিল। এ সময় কালীগঞ্জ থানার এসআই শহীদুল ইসলামসহ পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় তারা ছোটাছুটি করে পালিয়ে যায়। তবে রাব্বি হাসান পানিতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজ রাব্বির বাবা খোকন মিয়া জানান, তার ছেলে মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে জাহাজে আড্ডা দিচ্ছিল। পরে পুলিশের কথা শুনে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, শীতলক্ষ্যা নদীতে একটি জাহাজে মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৫-১৬ জন যুবক দৌড়ে পালিয়ে যায়। বুধবার জানতে পারলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাব্বি নামে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে।