ভাঙ্গায় টর্নেডোর আঘাত, ৪০ বাড়ি লন্ডভন্ড

ফরিদপুরের ভাঙ্গায় টর্নেডোর আঘাতে ৪০ বসতবাড়িসহ গাছপালা লন্ডভন্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম ও পার্শ্ববর্তী আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে। গত বুধবার রাত ৩টার দিকে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে চালা উড়ে গেছে। সেই সঙ্গে বিপুলসংখ্যক গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

চুমুরদী গ্রামের বাসিন্দা মজিবর মিয়া বলেন, ‘গভীর রাতে হঠাৎ করে পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে ঘরবাড়ি উড়াইয়া নিয়া যায়। গাছপালা ভেঙে যায়।’

খবর পেয়ে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, নির্বাহী অফিসার নাজিম উদ্দিন ও সহকারী কমিশানার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের ১ হাজার টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, টর্নেডোর আঘাতের খবর পেয়েই স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে যাই। আমরা তাৎক্ষণিকভাবে ১০ কেজি চাল ও নগদ কিছু টাকা দিয়ে সহায়তা করেছি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তালিকা তৈরি করে সরকারিভাবে তাদের আরও সহযোগিতা করা হবে।