নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবরস্থানে পলিথিন মোড়ানো ৬টি বোমার সন্ধান পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয় ইউনিটের টিমকে খবর দিয়ে স্থানটিকে ঘিরে রেখেছে থানা-পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমা গুলো দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা।
উজান গোপিন্দী বড় কবরস্থানের খাদেম চান শরীফ জানান, সকাল বেলা কবর পরিষ্কার করতে গিয়ে একটি কবরে পলিথিন মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তু দেখতে পাই। পরে কমিটির লোকদের মাধ্যমে পুলিশকে সংবাদ দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানটিকে ঘিরে রাখা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ স্থানটিকে ঘিরে রেখেছে। বোমা কিনা যাচাই করতে বোমা নিষ্ক্রিয় ইউনিটের টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিবে।