ক্যারিয়ার সেরা টাইমিং করেও বাদ বাংলাদেশের সাঁতারু আরিফুল-জুনায়না

আরিফুল ইসলামকে উৎসাহ দিতে গ্যালারিতে লাল সবুজের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাঁতারের সাবেক কোচ জাপানের তাকাহিরো তাগুচি। সাবেক কোচের উপস্থিতিতে টোকিও অলিম্পিকে ছেলেদের সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিং করলেন বাংলাদেশের এই সাঁতারু। কিন্তু নিজের সেরাটা দিয়েও হিটে বাদ পড়েছেন আরিফুল।

বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে চতুর্থ হিটের তিন নম্বর লেনের পুলে নামেন কিশোরগঞ্জের এই যুবক। এই হিটে ক্যারিয়ার সেরা টাইমিং ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে তৃতীয় হয়েছেন আরিফুল। এটাই তার ক্যারিয়ার সেরা টাইমিং। সব মিলিয়ে ৭৩ জন সাঁতারুর মধ্যে ৫১তম হয়েছেন তিনি।  

এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড, ২০১৯ সালের কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে গত দুই বছর তিনি ফ্রান্সে উন্নত প্রশিক্ষণে নিয়েছেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সেখান থেকে সরাসরি টোকিও অলিম্পিকে যোগ দেন আরিফুল।

আরিফুল ছাড়াও বৃহস্পতিবার পুলে নামেন বাংলাদেশের আরেক সাঁতারু জুনায়না আহমেদ। মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে তিনি ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। ২৯.৭৮ সেকেন্ড সময়ে শেষ করেও হিটে পঞ্চম হয়ে বাদ পড়েছেন জুনায়না। ৮১ জন সাঁতারুদের মধ্যে ৬৮তম হয়েছেন তিনি।