দাউদকান্দিতে সংক্রমণ বাড়ছে

দাউদকান্দিতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে উপজেলায় ৩৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের, যা উপজেলায় এক দিনে সর্বোচ্চ। ওইদিন শনাক্তের হার ছিল ৫০ শতাংশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে দাউদকান্দিকে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩৫১ জন। এর মধ্যে এ সপ্তাহে মারা গেছেন ৫ জন। বর্তমানে করোনা শনাক্ত ২১ জন এবং উপসর্গ নিয়ে আরও ২০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাসাবাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বাজার এবং রাস্তার পাশে প্রায় সব দোকানই খোলা। কেউ কেউ অর্ধেক শাটার খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। হোটেলে বসে খাওয়া নিষেধ হলেও ছোট ছোট হোটেলগুলো তা মানছে না। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। সড়কে চলছে সিএনজি অটোরিকশা। প্রশাসনের লোকজন দেখলেই সবাই সতর্ক হয়ে যাচ্ছেন। চলে গেলে আবার সব আগের মতো।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম শোভন বলেন, ‘দাউদকান্দিতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১৭ বেডের আইসোলেশন সেন্টারে ৪০ জনের বেশি রোগী ভর্তি রয়েছেন। মানুষ সচেতন না হলে অবস্থা আরও খারাপ হতে পারে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, ‘লোকজন নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। টহল দেওয়া ছাড়া আমাদের কোনো ক্ষমতা আমাদের দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান বলেন, ‘আমরা জরিমানা করছি। মানুষের মধ্যে কোনো সচেতনতা দেখা যাচ্ছে না। করোনা ঠেকাতে আমাদের সবার ভূমিকা রাখা প্রয়োজন।’