রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মাপাড়ের কয়েকশ পরিবার নদীভাঙনের কবলে পড়েছে। এ পরিবারগুলো এখন নিরুপায় হয়ে বাপ-দাদার ভিটা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় দফায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদীতীরবর্তী প্রায় ৩০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। হুমকির মধ্যে রয়েছে আরও শতাধিক বসতবাড়ি। ভাঙন আতঙ্কে মানুষ নদীপাড় থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছে তাদের ঘরবাড়ি।
গতকাল সকালে দৌলতদিয়া এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাট এলাকায় মজিদ শেখেরপাড়ার ৩০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইকবাল মোল্লা বলেন, ঈদের আগেও আমাদের এই এলাকায় ভাঙন হয়েছে, আমার বাড়ি নদীতে চলে গেছে। স্থানীয় আবু মেম্বার বলেন, ভাঙনে আমার অনেকটা জায়গা নদীতে চলে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন সাংবাদিকদের বলেন, ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হবে, পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।