আখাউড়ায় বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী ওই কিশোরীর বিয়ে বন্ধ করেন ইউএনও।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবারের কাছ থেকে পাঁচ বছরের মধ্যে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার বলেন, ‘নয়াদিল গ্রামের ওই মেয়ের সঙ্গে বিজয়নগর উপজেলার পাহাড়পুরের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়ার (২৩) বিয়ের আয়োজন করা হয়। লকডাউনের কারণে আয়োজনটি অনেকটা গোপনে করা হয়। গোপন খবরের ভিত্তিতে ওই মেয়ের বাড়িতে হাজির হই। বরযাত্রী তখনো আসেনি। মেয়ের বাবার কাছে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়  পাঁচ বছরের আগে তিনি মেয়েকে বিয়ে দেবেন না।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সহিদ মিয়া, মহিলা ইউপি সদস্য সাফিয়া খাতুন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।