টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্টস কর্মী নিহত হয়ছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ক্যাডেট কলেজ ও দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে গোলাম হোসেন (৪০) এবং টাঙ্গাইল মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮)। নিহতরা গার্মেন্টকর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধা থেকে মোটরসাইকেলযোগে গোলাম হোসেন ঢাকায় নিজ কর্মস্থল গার্মেন্টে যাচ্ছিল।
পথে বিকেলে মোটরসাইকলটি মহাসড়কের উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী গোলাম হোসেনের মৃত্যু হয়। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
অপরদিকে সন্ধ্যায় নাজমা বেগম মোটরসাইকেলযোগে ঢাকায় নিজ কর্মস্থল ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি মহাসড়কের দেওহাটা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী নাজমা ঘটনাস্থলে নিহত হন এবং মোটরসাইকেল চালক আহত হন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই আদম আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।