সোনাগাজী

খাল পরিষ্কার ও অবৈধ ৬০ বাঁধ অপসারণ করল ছাত্রলীগ

ফেনীর সোনাগাজীতে জলাবদ্ধতা নিরসনে ৬টি খালের ওপর অবৈধভাবে নির্মিত ৬০টি বাঁধ অপসারণ করা হয়েছে। উপজেলার উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল হায়াতের নির্দেশে উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় অবৈধ বাধগুলো অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া চরমজলিশপুর ও চরচান্দিয়া ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি খাল স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শনি ও গতকাল রবিবার উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে খালটি পরিষ্কার করা হয়।

চরমজলিশপুর ইউনিয়নের উত্তর চরমজলিশপুর গ্রামের বড় কবরস্থান থেকে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন পর্যন্ত তিন কিলোমিটার খাল কচুরিপানা, আবর্জনায় ভরে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার কবলে পড়েন স্থানীয়রা।

চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম এ আজিজ অভি ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় ৩ কিলোমিটার খালের লতা-পাতা, কচুরিপানা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। খালটিতে ময়লা ও আগাছার কারণে পানির প্রবাহ কম থাকায় আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ইউনিয়নের উত্তর চরমজলিশপুর গ্রামের প্রায় ৪০টি বাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়ে।