রবীন্দ্রসংগীতে কনা-ইমরান জুটি

দেশীয় সংগীতে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। সিনেমার গান কিংবা অডিও প্রজেক্ট, সব জায়গাতেই সাফল্য পেয়েছেন তারা। একের পর এক গান উপহার দিয়েছেন, আর শ্রোতারাও সেগুলো ভালোবেসে গ্রহণ করেছেন। তাদের কণ্ঠে ‘দিল দিল দিল’, ‘ও হে শ্যাম’ কিংবা ‘তুই কি আমার হবি রে’ গানগুলো জয় করেছে কোটি শ্রোতার মন। তবে এবার নতুনভাবে সামনে আসছেন তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘আমার পরান যাহা চায়’ কণ্ঠে তুলে দিলেন এই দুই শিল্পী। কনা বলেছেন, ‘আমি নজরুলসংগীত শিখলেও ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতিও ভালোবাসা জন্মায়। রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, অদিতি মহসিনের গান ভীষণ পছন্দ করি। নিজের মনে গুন গুন করে গাইলেও প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত রেকর্ড করেছি। প্রায় ছয় মাস আগে ইমরান আর আমি গানটি গেয়েছিলাম। কিন্তু প্রকাশ করা হয়নি। করোনার জন্য নতুন গান সেভাবে প্রকাশ পাচ্ছে না। আর কদিন পরেই কবিগুরুর প্রয়াণ দিবস। তাই এ উপলক্ষে গানটি প্রকাশ করার কথা ভাবি। গত পরশু ভিডিও করে ফেললাম নিজেরাই। ইমরান দারুণ মিউজিক করেছে। আশা করছি দর্শক শ্রোতার ভালো লাগবে।’ ইমরান বললেন, ‘রবিঠাকুরের এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। এরপরও আমি আর কনা আপু গানটি করেছি।’ গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পীদ্বয়। ৬ আগস্ট গানটি ইমরানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।