লাদাখ ইস্যুতে ফের মুখোমুখি চীন-ভারত

সীমান্তে সেনা অবস্থানকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বারবার দুপক্ষের মধ্যে বৈঠক হলেও এ বিষয়ে এখনো কোনো সমাধান মেলেনি। প্যাংগং থেকে চীন তাদের সেনাসদস্য সরিয়ে নিলেও এখনো লাদাখের বহু জায়গায় ঘাঁটি রয়েছে দেশটির সামরিক বাহিনীর।

ভারতের সীমান্তবর্তী এলাকায় চীনের টহলদারিও চলছে। সীমান্ত এলাকায় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে তাই আবারও মুখোমুখি হয়েছে ভারত ও চীন। লাদাখ ইস্যু নিয়ে এটি ছিল ১২তম বৈঠক। প্রায় ৯ ঘণ্টা ধরে এ দুই দেশের কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওএসি) চীনের দিকে মোল্ডোতে এ বৈঠক হয়। হট স্প্রিং এবং গোগরা পোস্ট এলাকা থেকে সেনা সরানোই এই সামরিক আলোচনার উদ্দেশ্য ছিল। লাদাখের একাধিক অংশে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ভারত ও চীনের সেনাবাহিনী। দ্রুত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে।

প্রায় সাড়ে তিন মাস পর ভারত ও চীনের সেনাপর্যায়ের মধ্যে বৈঠক হয় গত শনিবার সন্ধ্যায়। যদিও এখনো কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানা গেছে। দুই দেশই লাদাখ ইস্যু নিয়ে চিন্তিত। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে যতটা সম্ভব সমাধানের লক্ষ্যেই আলোচনা করা হবে। ভারতের পক্ষ থেকে এমন বার্তাই দেওয়া হয়েছিল।

চীনের সেনা মোতায়েন করার বিষয়টিই ভারতের প্রধান মাথাব্যথার কারণ। এর আগেও একাধিক বৈঠক হয়েছে, সেখানে শুধু আলোচনাই হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি।