টাঙ্গাইল হাসপাতালে আগুন: সেই আইসিইউ আংশিক চালু

অগ্নিকাণ্ডের ১৭ দিন পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ক্ষতিগ্রস্ত করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আংশিকভাবে চালু করা হয়েছে।

রবিবার আইসিইউর দশটি বেডের মধ্যে চারটি বেড চালু করা হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যে চারটি বেডেই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ড ঘটে। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ওই দিন ইউনিটের ১০টি বেডে থাকা রোগীদের তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে রাখা হয়। অক্সিজেন সাপোর্ট না পেয়ে অনেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় একাধিক রোগীকে অন্যত্র রেফার করেন চিকিৎসকরা।

এ ঘটনায় তৎকালিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি প্রতিবেদনে জানায়, আইসিইউতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিনের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নির্দেশনা অনুযায়ী মেশিন ব্যবহার না করার কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।

প্রতিবেদনে আইসিইউ চালু করার পূর্বে আটটি বিষয় বিবেচনার সুপারিশও করা হয়েছিল। সেই আটটি বিষয় বিবেচনায় নিয়েই নতুন করে আইসিইউ চালু করা হয়েছে। সেই সাথে তদন্ত কমিটির প্রতিবেদনকে বিশেষভাবে প্রাধান্য  দিয়েই আইসিইউয়ের বাকি ৬টি বেডকে প্রস্তুত করা হচ্ছে। আগামীতে আইসিইউতে থাকা রোগীদের গুরুত্ব বিবেচনায় ৩টি ভাগে ভাগ করে চিকিৎসা দেওয়া হবে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, অগ্নিকাণ্ডের পর কয়েকটি বেড বিকল হয়ে যায়। এই বেড গুলিকে সচল করতে আমাদের কিছু দিন সময় লাগে। তাই আইসিইউ চালু করতে ১৭ দিন অপেক্ষা করতে হলো।

রবিবার থেকেই আইসিইউর চারটি বেড চালু করা হয়েছে। বাকিগুলো চালু করতে একটু সময় লাগতে পারে বলেও তিনি জানান।