ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন রোগী ভর্তি রয়েছেন। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের ডেঙ্গু বিষয়ক ফোকাল পারসন ডা. হরিমোহন পন্ডিত নিউটন এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর মেডিসিন ইউনিটে ঈশ্বরগঞ্জের এড. আতিকুর রহমান (৪০), সদরের পরানগঞ্জের ভ্যানচালক ওহাব আলী (৬৫), নগরীর নওমহল এলাকার খায়রুল বাসার (৪০) ও এক মেডিকেল শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডা. হরিমোহন পন্ডিত নিউটন আরও জানান, নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক মেডিকেল শিক্ষার্থী ছাড়া আক্রান্ত অন্য তিনজনই ঢাকায় বসবাস করতেন। সেখান থেকেই তারা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু আক্রান্ত মেডিকেল শিক্ষার্থী এখন পুরোপুরি সুস্থ হওয়ায় তাকে দ্রুত রিলিজ দেওয়া হবে। এছাড়াও আক্রান্ত অন্যদের অবস্থাও উন্নতির দিকে।