ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম হত্যার ঘটনায় দুই ভাই ঢাকায় গ্রেপ্তার

ঈদুল আজহার আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউড়া গ্রামে একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। সহোদর দুই ভাইয়ের হাতে নিহত ভিকটিম আব্দুর রহিম (৬০) জেলার নাসিরনগর থানার ফেদিয়ারকান্দি মসজিদের ইমাম ছিলেন।

এ ঘটনায় পলাতক আসামিরা সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হয়েছে।

এক সংবাদ সম্মেলনে সোমবার সিআইডি জানায়, ২০ জুলাই সহোদর দুই ভাই পরিবারসহ ঢাকা হতে ঈদ উদ্‌যাপন করতে বাড়িতে এসে দেখে, ভিকটিম বসত ঘরের ভিটের মাটি ঠিক করছেন। এ নিয়ে ছোট দুই ভাই মো. সহেদ মিয়া (৫০) ও আব্দুল্লাহ (৪০)-এর সঙ্গে প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা আব্দুর রহিমের।

এরপর দুপুর ১২টার দিকে ছোট দুই ভাইয়ের সঙ্গে ভাতিজা মো. জুনাইদ মিয়া (২০) ও আব্দুল্লাহ’র স্ত্রী রত্না বেগম (৩৫) বল্লম ও লাঠি দিয়ে জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়।

ঘটনাটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় আলোচিত ঘটনা হিসেবে প্রচারিত হলে সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত আরম্ভ করে। বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আসামির সম্ভাব্য লুকিয়ে থাকার সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এর প্রেক্ষিতে সিআইডির একটি দল মামলার এক নম্বর আসামি সহেদ মিয়া ও তার ছেলে তিন নম্বর আসামি জুনাইদ মিয়াকে ঢাকার তেজগাঁও এবং দুই নম্বর আসামি আব্দুল্লাহকে খিলগাঁও হতে গ্রেপ্তার করে।

মামলা দায়ের হওয়ার পর আসামিরা ঢাকা মহানগরীতে এসে আত্মগোপন করে সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছিল বলে জানায় পুলিশ।