চোরাপথে দেশে আসার সময় কুড়িগ্রাম সীমান্তে আটক ৭

চোরাপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা ভারতের দিল্লীর ইটভাটায় কাজ শেষে সোমবার ভোরে নোম্যান্স ল্যান্ডে আটক হন।

আটকদের বিনা পাসপোর্টে দেশে প্রবেশের অপরাধে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। 

আটক বাংলাদেশিরা হলেন- ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১), তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), ছেলে আরমান আলী (৮)। কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১), তার ছেলে পারভেজ মন্ডল (০৬), নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।

বিজিবি সূত্র জানায়, আটক বাংলাদেশিরা ভারতের ইটভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ গ্রামে সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ী ফেরার সময় আটক হয়। 

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন, কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশিরা ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করছিলেন। দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করে। অবৈধভাবে দেশে আসার অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।