৬ দিনে দেড় লাখ টিকা প্রয়োগের উদ্যোগ চসিকের

চট্টগ্রাম নগরীতে ৬ দিনে দেড় লাখ ভ্যাকসিন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, আগামী ৭ আগস্ট থেকে টানা ছয় দিনে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ৬০০ ডোজের বেশি করে কমপক্ষে দেড় লক্ষাধিক মডার্না ভ্যাকসিন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪১ ওয়ার্ডের প্রত্যেকটিতে তিনটি করে বুথ থাকবে। প্রত্যেক বুথে ২০০ করে কমপক্ষে ৬০০ ডোজ টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে দুজন প্রশিক্ষিত ভ্যাকসিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সিনিয়র সিটিজেন, নিবন্ধনকৃত নাগরিক, আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা গ্রহণ করবেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে মডার্না (কভিড-১৯) ভ্যাকসিনেশন গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।