পর্যাপ্ত ঘুমের পরও হাই উঠলে

রাতে পর্যাপ্ত ঘুম হলেও সকালে কর্মক্ষেত্রে গিয়ে হাই উঠতে পারে। এতে কাজে সমস্যা হতে পারে। কিছু নিয়মে এ সমস্যা থেকে রেহাই মিলতে পারে

রুটিন মেনে চলুন

প্রতিদিন খাওয়া, ঘুমানোর মতো কাজগুলো যেন রুটিন মেনে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শরীর একবার এই নিয়মে মানিয়ে গেলে কাজে সমস্যা হবে না।

নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন

অনেক সময় শরীরে অক্সিজেনের অভাব হলে হাই ওঠে। তার জন্য নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। এতে ধীরে ধীরে হাই ওঠা কমে যাবে। এমনটি করলে শরীরে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।

ঠান্ডা খাবার গ্রহণ করুন

হাই তোলা বন্ধ করতে ঠান্ডা খাবারও বেশ কার্যকর। ফ্রিজের যেকোনো খাবার, ফল, পানীয়, আইসক্রিমও খেতে পারেন। এ ছাড়া মিষ্টিজাতীয় খাবার খেলে শরীরে শর্করার পরিমাণ বাড়ে। ক্লান্তি সহজে দূর হয়।

হাঁটুন

একভাবে বসে কাজ করার ফলে ক্লান্তি আসতে পারে। যার জেরে হাই উঠতে পারে। তাই একইভাবে দীর্ঘক্ষণ কাজ না করে কাজের ফাঁকে কিছুটা হেঁটে নিন। এতে ক্লান্তি লাগবে না। বরং কাজে স্পৃহা আসবে।