মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর গত দেড় বছরে ১৯ কোটি ৯১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত হওয়া এসব করোনা রোগীর মধ্যে ৪২ লাখ ৪৩ হাজার ৬৬৮ জনের মৃত্যুর হয়েছে। আর সুস্থ হয়েছে ১৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ১০৭ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত দেড় বছরের বেশি সময়ে বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসটি। এর মধ্যে একেক সময়ে একক অঞ্চলে ভয়ংকর রূপ নিয়েছে মহামারী। কখনো ইউরোপে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে হু হু করে, আবার কখনো বেড়েছে দক্ষিণ আমেরিকায়। উত্তর আমেরিকায় কিছুটা কমেছ তো ভয়ংকর রূপ নিয়েছে এশিয়ায়।
তবে দেড় বছর শেষে এসে দেখা যাচ্ছে সংখ্যার বিচারে এখন সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ইউরোপে। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে এই অঞ্চলটিতে। তবে শনাক্ত অনুপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ আমেরিকায়। আর সবচেয়ে কম হয়েছে ওশেনিয়ায়। তবে ১০ লাখের বেশি রোগী বা ১০ হাজারের বেশি মৃত্যু হয়েছে এমন অঞ্চলগুলোর মধ্যে এশিয়ায় মৃত্যুহার সবচেয়ে কম।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল সোমবার পর্যন্ত মহাদেশ হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে ইউরোপে। অঞ্চলটিতে ৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৮১১ জন করোনা রোগী শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৪২৪ জনের। এই হিসাবে অঞ্চলটিতে শনাক্ত অনুপাতে মৃত্যুহার ২ দশমিক শূন্য ৭ শতাংশ। তবে শনাক্ত অনুপাতে মৃত্যুহার সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকায়। অঞ্চলটিতে শনাক্ত অনুপাতে মৃত্যুহার ৩ দশমিক শূন্য ৭ শতাংশ। মহাদেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর থেকে ৩ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৩৫১ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৮৯ জনের।
এশিয়ায় শনাক্ত হওয়া ৫ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৭৫৫ জন করোনা রোগীর মধ্যে মারা গেছে ৮ লাখ ৫১ হাজার ৮৯৮ জন। অঞ্চলটিতে শনাক্ত অনুপাতে মৃত্যুহার ১ দশমিক ৫১ শতাংশ।
এ ছাড়া উত্তর আমেরিকায় শনাক্ত অনুপাতে মৃত্যুহার ২ দশমিক ২১ শতাংশ, আফ্রিকায় ২ দশমিক ৫২ শতাংশ আর ওশেনিয়া মহাদেশে ১ দশমিক ১৪৪ শতাংশ।
তবে একক দেশ হিসেবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৯২৪ জনের। তাদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জন। আর সুস্থ হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ২৯০ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে মারা গেছে ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জন। আর ইতিমধ্যেই সুস্থ হয়েছে ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৬৮১ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৮৮৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫৮। আর সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৯৯৩ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।