ঢাকার আশুলিয়ায় মাত্র পাঁচ টাকা বেশি ভাড়া চাওয়ায় ক্ষুব্ধ যাত্রীর লাথিতে মাথায় আঘাত পেয়ে আলিম হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার একটি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ফজলুল হক (৩৫) নামের ওই যাত্রীকে আটক করেছে।
নিহত আলিম হোসেন গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। আটক ফজলুল হক শেরপুরের নালিতাবাড়ী এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ইউসুফ মার্কেট যাওয়ার জন্য আলিম হোসেনের রিকশায় ওঠেন যাত্রী ফজলুল হক। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে রিকশাচালক আলিম তার কাছে পাঁচ টাকা বেশি ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলিমকে লাথি মেরে রিকশা থেকে ফেলে দেন ফজলুল। এ সময় রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম। এরপর আশপাশের লোকজন ফজলুলকে আটক করে থানায় খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং ফজলুলকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’