শেখ আবু তালেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্স করেছিলেন। হঠাৎ একদিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। ২৩ বছর ধরে নিখোঁজ থাকার পর ৬০ বছর বয়সী মানসিক সমস্যার আক্রান্ত তালেব সম্প্রতি বাড়ি ফিরেছেন।
বাসস জানায়, জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের সহায়তায় বাড়ি ফেরেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা গ্রামের মৃত শেখ সাবেক আলীর একমাত্র ছেলে শেখ আবু তালেব। গত ২৭ জুলাই ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থতাজনিত কারণে ভর্তি হন।
নাম-ঠিকানাহীন অবস্থায় ভর্তি হওয়ার কারণে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়।
আবু তালেবের কথার সূত্র ধরে ক্ষেতলাল থানা পুলিশ বিষয়টি নিয়ে শ্রীনগর থানার মাধ্যমে যোগাযোগ করেন এবং আত্মীয়স্বজনদের খবর দেন। এ অবস্থায় শেখ আবু তালেবের দুই ভাগিনা মোস্তাফিজুর রহমান ও বেলাল হোসেন জয়পুরহাটে ছুটে আসেন।
সোমবার বিকেলে ক্ষেতলাল থানা পুলিশ ২৩ বছর ধরে নিখোঁজ হওয়া শেখ আবু তালেবকে তাদের হাতে তুলে দেন।
ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, জয়পুরহাটের বিভিন্ন এলাকায় থেকে শেখ আবু তালেব গাছের চারার গ্রাফিটিং কাজ করতেন। এভাবে দিনমজুরি করে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কিছুটা স্মৃতিহ্রাস ঘটেছে বলেও জানান তিনি।