প্রেসিডেন্ট পদে রাইসিকে অনুমোদন খামেনির

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেলেন ইব্রাহিম রাইসি। গতকাল মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাকে এ অনুমোদন দেন বলে খবর দিয়েছে আলজাজিরা।

এর ফলে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। তিনি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রাইসি। ওই অনুষ্ঠানে বিশ্বের ৭৩টি দেশ থেকে অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে তেহরান।

প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন পাওয়ার পর রাইসি জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘অযাচিত’ নিষেধাজ্ঞা সরাতে তিনি পদক্ষেপ নেবেন। অসন্তোষ দূরে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধের কাজ করবেন। তবে তেহরানের ভবিষ্যৎ নির্ধারণে পশ্চিমাদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না বলে স্পষ্ট জানান রাইসি।

তিনি বলেন, ‘আমরা নিষ্ঠুর নিষেধাজ্ঞা প্রত্যাহারে অবশ্যই পদক্ষেপ নেব। আমাদের জনগণের জীবিকা ও অর্থনীতি কারও শর্তের অধীনে থাকবে না। এজন্য বিদেশি কোনো শক্তির ওপর আমরা কখনো নির্ভর করব না।’