ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনার টিকাকেন্দ্রের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ছাত্রলীগ নেতার বাগ্বিত-ায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল করোনার টিকাদান কার্যক্রম। পরে আলোচনার মাধ্যমে আড়াই ঘণ্টা পর টিকা কার্যক্রম চালু হয়। এ সময় দুর্ভোগে পড়েন টিকা নিতে আসা অসংখ্য মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে টিকাকেন্দ্রের ৩ নম্বর বুথে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এ কে শাকিল তার বোনকে টিকা দিতে নিয়ে যান। এ সময় বুথের দায়িত্বে থাকা রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক ছাত্রলীগ নেতাকে বাইরে অপেক্ষা করতে বললে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
স্বেচ্ছাসেবকরা অভিযোগ করেন, এ সময় ছাত্রলীগ নেতা তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালাগাল করেন। এ ঘটনার জেরে স্বেচ্ছাসেবকরা ক্ষুব্ধ হয়ে টিকাদান কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শাকিল জানান, তিনি বোনকে নিয়ে বুথের সামনে গেলে সরে যেতে বলা হয়। তিনি ইন্টার্ন চিকিৎসক পরিচয় দেওয়ার পরও সরে যেতে বললে তর্কাতর্কি হয়। তবে তিনি দুর্ব্যবহার ও গালাগাল করেননি।
টিকাদান কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ জানান, এই অপ্রীতিকর ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টা টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজ ছাত্রলীগ, রেড ক্রিসেন্ট ও সিটি করপোরেশনের নেতাদের আলোচনায় বিষয়টি সমাধান হয় এবং পুরনায় টিকাদান কার্যক্রম চালু হয়।