ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশ

এডিস মশা ও ডেঙ্গু রোগের বিস্তার ঠেকাতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে দপ্তর ও সংস্থা প্রধান, এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এসব নির্দেশের মধ্যে রয়েছে, দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন এবং আশপাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খোলা জায়গা, মাঠ, ফুলের টব, পানির পাম্প বা পানি জমে এরকম পাত্র, ফ্রিজ বা পানি জমার ট্রে, পানির ট্যাপের আশপাশের জায়গা, বাথরুম, বাথরুমের কমোড, গ্যারেজ, নির্মাণাধীন ভবন, লিফট, সিঁড়ি, পরিত্যক্ত বস্তু ইত্যাদি এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থলে যাতে দুই দিনের বেশি সময় পানি না জমতে পারে, তা নিশ্চিত করতে হবে।

শিক্ষকরা অনলাইন/ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কভিড-১৯সহ ডেঙ্গু বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানাবেন। সকল দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।