চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীদের ওপর বজ্রপাতে মৃত বেড়ে ১৭

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পদ্মা নদীর পাড়ের একটি ঘাটে পাশের ঘরে বজ্রপাতে মৃত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তারা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই ব্যক্তিরা বরযাত্রী দলের সদস্য ছিলেন। তবে দুর্গম এলাকা হওয়ায় দুপুর পর্যন্ত ওই বরযাত্রী দলে মোট কতজন সদস্য ছিলেন তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

ইউএনও জানান, বরযাত্রী দলটি উপজেলা সদরের সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী। তারা বরযাত্রী হিসেবে সুন্দরপুর ইউনিয়ন থেকে পদ্মা নদী পার হয়ে পাকা ইউনিয়নে যাচ্ছিল।

তিনি বলেন, দক্ষিণ চরপাতা এলাকায় পদ্মার তেলিখারি ঘাটে আসলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা ঘাটের পাশেই একটি ঘরে আশ্রয় নেয়। ওই ঘরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এটুকুই আমরা নিশ্চিত হতে পেরেছি যে ১৭ জন স্পট ডেড।’

তিনি বলেন, বরযাত্রী দলটি নদী পার হওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছিল। বৃষ্টির কারণে তারা সেখানে একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছিল।

আরও পড়ুন... পবিত্র ভূমিতে পাপাচার