শ্রীমঙ্গলের ৪ নদী এখন সরু খাল

প্রকৃতির লীলাভূমি চিরসবুজের স্বপ্ননগরী মৌলভীবাজার জেলার চা-অধ্যুষিত অঞ্চল শ্রীমঙ্গল উপজেলা। এ উপজেলার মানচিত্রে চারটি ইউনিয়নে রয়েছে চারটি নদীর নাম। কিন্তু সরেজমিন চারটির একটিও নদী পাওয়া যায়নি। দেখা মিলেছে উদনাছড়া গাং, বিলাস গাং, ফুলছড়ি ছড়া ও বার্মা ছড়া নামের তিনটি খালের।

৪২৫ দশমিক ১৫ বর্গ কি.মি-এ উপজেলার মানচিত্রে চোখ রাখলে দেখা যায়, ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের উত্তর বাওলাছড়ার পাশ দিয়ে যাওয়া গোপলা নদী, অন্যপাশে হাইল-হাওর। উপজেলার সিন্দুরখাঁর ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া উদনাছড়া নদী। উপজেলার আশিদ্রোন ইউনিয়নে ছিল বিলাস নদী। আর রাজঘাট ইউনিয়নে বার্মা ছড়া নদী। কালাপুর ইউনিয়নে ফুলছড়ি নদী।

মানচিত্রের নদী খুঁজতে সরেজমিন গিয়ে জানা যায়, এক সময়ের খরস্রোতা নদীগুলো আজ সরু খাল বা ছড়া। রাবার ড্যাম নির্মাণ, বালু উত্তোলন আর অবৈধ দখলের ফলে পাল্টে ফেলা হয়েছে নদীগুলোর গতিপথ। নদীর ভূমির অংশে নির্মাণ করা হয়েছে ফিশারি, ঘরবাড়ি ও রাস্তাঘাট।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক বাসিন্দা জানান, শ্রীমঙ্গলের হাইল-হাওরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোপলা নদী তার ঐতিহ্য হারিয়েছে শুধুমাত্র পলি ভরাট আর দখলের কারণে। কালাপুর ইউনিয়নের ফুলছড়ি নদী বালু উত্তোলন আর দখল হয়ে বসতবাড়ি নির্মাণের ফলে বিভিন্ন নামে ছড়া হয়ে হাইল-হাওরে গিয়ে পড়েছে।

অন্যদিকে, শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নে রাজঘাট দিয়ে প্রবাহিত লাংলী রূপরেখা বালু উত্তোলনের ফলে খালে পরিণত হয়েছে।

সহকারী কমিশনার-ভূমি নেছার উদ্দিন বলেন, নদীর জায়গা যদি কেউ দখল করে থাকে তার বিরুদ্ধে তথ্যপ্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।