কুমিল্লার মুরাদনগরে চারটি পাইকারি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানা সদর বাজারে এ ঘটনা ঘটে। অন্যদিকে মাদারীপুরের রাজৈরে গত বুধবার রাতে একটি মুদি দোকান আগুনে পুড়ে গেছে।
মুরাদনগরে চার দোকানে অগ্নিকান্ডে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারণে বাজারের সব দোকানপাট বন্ধ ছিল। এদিন সকালে পাইকারি মুদি মালের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে ওই ব্যবসায়ীর দুটিসহ মোট চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বুধবার রাত ১টার দিকে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট আল-হেরা মহিলা মাদ্রাসার ব্রিজের সামনে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেছেন।