কঠোর বিধিনিষেধের সময় বাড়ানোয় আগামী মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোকে সীমিত আকারে লেনদেন করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে আগামী রবিবার ব্যাংক পুরোপরি বন্ধ রাখতে বলা হয়। আর সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়।
এদিকে ব্যাংকের সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলা পুঁজিবাজারেও আগামী রবিবার লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, পুঁজিবাজারে আগামী সপ্তাহে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। চলতি সপ্তাহে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হচ্ছিল।
মহামারীর এই সময়ে লকডাউনে ব্যাংক লেনদেনের সময় বারবারই বদলাচ্ছে। এর সঙ্গে বদলাচ্ছে পুঁজিবাজারে লেনদেনের সময়ও।
জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে। কোরবানির ঈদের কেনাবেচার জন্য কয়েক দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হলেও গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ আরোপ করা হয়। গত বুধবার এই বিধিনিষেধ আরও ৫ দিন বৃদ্ধি করা হলে ব্যাংকের লেনদেনের সময় পরিবর্তন করে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।