মশকনিধন অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে : তাজুল

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউক, স্থাপত্য অধিদপ্তরসহ অন্যান্য দপ্তর/সংস্থার নির্মিত এবং নির্মাণাধীন সরকারি ও আবাসিক ভবনে নিজ উদ্যোগে মশকনিধন অভিযান পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত রাজউকের আওতাধীন সরকারি/ডেভেলপার/ব্যক্তিপর্যায়ে নির্মিত/নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশবিস্তার ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে নির্মিত/নির্মাণাধীন ভবনে নিয়মিত তদারকিসংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, রাজউক ও স্থাপত্য অধিদপ্তরের অনেকগুলো নির্মাণাধীন ও নির্মিত অবকাঠামো রয়েছে। এ ছাড়া অনেক সরকারি ও বেসরকারি আবাসিক এলাকা রয়েছে। যেগুলোতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তাই সব সরকারি ভবন ও আবাসিক এলাকা, নির্মাণাধীন ভবন এবং কারওয়ান বাজার, নিউমার্কেটসহ সব বাজারে মশকনিধনে চিরুনি অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী এডিস মশানিধন কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউকের উপযুক্ত কর্মকর্তাদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশনা প্রদান করে গৃহায়ন ও গণপূর্ত সচিব ও রাজউক চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।