সালাম না দেওয়ায় খুন: আড়াই বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সালাম না দেওয়াকে কেন্দ্র করে খুন হন এরশাদ (৩০)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের আড়াই বছর পর প্রধান আসামি মো. জসিম উদ্দিনসহ (৩৬) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার অপর আসামি হলেন মো. কবির (৩৯)। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে গত মঙ্গল ও বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)।

শুক্রবার রিমান্ডের প্রথম দিন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। 

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মো. সহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন তুরাগ হাউজিংয়ের কাছে এরশাদ ও জসিম উদ্দিনের মধ্যে সালাম দেওয়াকে কেন্দ্র করে কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ওই দিন রাত পৌনে ১১ টার দিকে এরশাদ ঢাকা উদ্যান এর কাছে বেড়িবাঁধে বুড়িগঙ্গা পেট্রল পাম্পের সামনে গেলে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে মারা যায় এরশাদ।