ঝালকাঠিতে এক গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগে লিটন ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নলছিটি উপজেলার ফুলহারি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন একই এলাকার মোসলেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফয়রা গ্রামের এক নারীর বিয়ের দুই বছর পর লিটনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বছর ৫ নভেম্বর বরিশালের একটি হোটেলে গৃহবধূকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রিযাপন করে লিটন। ওই সময় গৃহবধূকে কিছু খাইয়ে অচেতন করে শারীরিক সম্পর্ক এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে লিটন। পরে এসব ছবি-ভিডিও ব্যবহার করে গৃহবধূকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। একপর্যায়ে গৃহবধূর স্বামীকেও ছবি ও হোটেলে ধারণ করা ভিডিও পাঠায় লিটন। এরপর ২৭ জুলাই গৃহবধূ নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে লিটনের বিরুদ্ধে মামলা করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স বলেন, গৃহবধূর পর্নোগ্রাফি আইনে মামলার ভিত্তিতে লিটনকে গ্রেপ্তার করে সকালে (গতকাল) ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।