বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ৭০ রানে এগিয়ে ভারত

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন ইংল্যান্ডের অলি রবিনসন। তবে তার বোলিং নৈপুণ্যের পরও ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে থাকল ভারত।

শুক্রবার বৃষ্টি বিঘ্নিত দিনের শেষে ৭০ রানে এগিয়ে আছে অতিথি দল।

আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করে ভারতের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। সুবাদে ৯৫ রানের লিড পায় দলটি।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা রবিনসন ৮৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। জেমস অ্যান্ডারসন ৫৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।

ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজা খেলেন ৫৬ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে রাহুলের সঙ্গে মূল্যবান ৬০ রান যোগ করেন তিনি।

শেষ তিন উইকেটে ভারত ৭৩ রান যোগ করে। দশ নম্বরে নেমে জসপ্রিত বুমরাহ ৩৪ বলে ২৮ রান করেন।

বৃষ্টিতে দিনের খেলা শেষ হওয়ার আগে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫ রান তুলেছে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১৮৩।

ররি বার্নস ১১ ও ডম শিবলি ৯ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এটি।