দাম্পত্য জীবনের আট বছর পর বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘সুপারম্যান রিটার্নস’ খ্যাত অভিনেত্রী কেট বোসওয়ার্থ এবং পরিচালক মাইকেল পোলিশ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে এনেছেন কেট।
ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টটিতে নিজেদের একটি সাদাকালো ছবি পোস্ট করে কেট তাদের দাম্পত্য জীবনের নানান কথা তুলে ধরেছেন। যার শুরুটা এমন ছিল, ‘প্রত্যকটি সম্পর্কের (প্রেমের) শুরুই সেটির সব থেকে সুন্দর সময় হয়ে থাকে। এই সময়টাতে দুজনের মনেই সম্পর্কটির জন্য অন্যরকম উত্তেজনা কাজ করে, যার জন্য তারা সবকিছুকে ত্যাগ করতে প্রস্তুত থাকে’। এরপর আরও নানান বিষয়কে পোস্টে তুলে ধরে একদম শেষে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন কেট।
তবে বিচ্ছেদের প্রকৃত কারণ সম্পর্কে পোস্টে তেমন কিছু জানাননি কেট কিংবা মাইকেলের কেউই। ২০১১ সালে এক সাথে একটি কাজ করতে গিয়ে তাদের প্রথম দেখা। সেখান থেকেই তাদের ভেতর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর ২০১৩ সালের আগস্ট মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।