দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে সকাল থেকেই ঢাকামুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে  যানবাহনের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল।

সরেজমিনে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, অনেক যাত্রী প্রচণ্ড রোদের মধ্যে লাগেজ বস্তা নিয়ে ঘাট এলাকায় আসছেন নদী পার হবার জন্য। অনেককেই দেখা গেছে পরিবার নিয়ে যাতায়াত করেছেন। কারও কারও কোলে আবার শিশুসন্তান। এ সময় অনেককেই দেখা যায় মাস্ক পরিধানে অনীহা, মানছেন না স্বাস্থ্যবিধি।

অন্যদিকে চলমান কঠোর লকডাউনের মধ্যেই ১ আগস্ট থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার পর থেকে দৌলতিদয়া ফেরিঘাট দিয়ে অনেকেই নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন।

ঢাকামুখী পোশাক কারখানার এক কোয়ালিটি কন্ট্রোলার বলেন, ঈদের পরে বাড়ি এলেও গতকাল বিকেলে ফোন করে জানানো হয় কারখানা খুলে দেয়া হবে তাই আজ ঢাকায় যাচ্ছি।

সোহেল রানা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, টাকার কাছে করোনা কিছু না, আমি বাড়ির বড় ছেলে সব দায়িত্ব আমার। টাকা ইনকাম করতে হলে অফিস করতেই হবে। ঈদের আগে থেকে অফিস বন্ধ বলে ঢাকায় যাইনি তবে পরশু থেকে অফিস শুরু হবে তাই আজ চলে যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন দেশ রূপান্তরকে জানান, গত কয়েক দিনের তুলনায় আজ দৌলতদিয়া ঘাটে কিছুটা ভিড় দেখা গেছে, যাত্রী পারাপারে আমাদের তেমন কোনো নির্দেশনা নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৮টি ফেরি চলাচল করছে।