ধামরাইয়ের পৌর মেয়র নিজেই পুশ করলেন করোনার টিকা

ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই এক ব্যক্তিকে করোনার টিকা প্রদানের মাধ্যমে গণ টিকাদান প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে ধামরাই পৌরসভা ভবন টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকা দেয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়ার পর থেকে সচেতন মহলের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। মেয়রের বিরুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী-নার্স থাকা সত্ত্বেও নিজ হাতে এক বৃদ্ধকে টিকা দেয়ার ঘটনায় বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যায়, মেয়র গোলাম কবির মুখের মাস্ক থুতনিতে রেখে এক বৃদ্ধের ডান হাতে টিকা দিচ্ছেন। এ সময় তার পাশে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফাত আরাসহ ১০-১৫ জন ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় না রেখেই দাঁড়িয়ে আছেন।

চিকিৎসকেরা বলছেন, স্পর্শকাতর এসব বিষয় প্রশিক্ষণ ছাড়া কখনই অন্য কারও টিকা প্রদান করা উচিত নয়। স্বাস্থ্যকর্মীদের কাজ তাদের করাই ভালো। 

এ বিষয়ে পৌর মেয়র গোলাম কবীর বলেন, আমি কাউকে টিকা পুশ করি নাই। ছবি তুলেছি মাত্র। সেখানে উপস্থিত এক ডাক্তার সিরিঞ্জটি ওই বৃদ্ধের শরীরে পুশ করে আমাকে বলেছে এমপি সাহেব উপস্থিত নেই, তাই আপনি সিরিঞ্জটি ধরে রেখে উদ্বোধন করবেন। এ সময় তার অনুরোধে আমি সিরিঞ্জটি ধরে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছি। আর সে সময় ছবিটি তোলা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত বলেন, ধামরাই উপজেলায় ১৭টি টিকাকেন্দ্রে ৬ জন করে স্বাস্থ্যকর্মী গণ টিকা প্রদান করেছেন। তবে মেয়র মহোদয় টিকা দিয়েছেন এমন কোন নিউজ আমার কাছে নাই।