সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ভারত থেকে আরও ১৯০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) ৬ষ্ঠ চালান পৌঁছেছে।
এই অক্সিজেনবাহী ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেন শনিবার রাত ৪টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
এরপর রবিবার সকাল ৯টার দিকে শুরু হয়েছে ট্রেন থেকে ট্যাংকলরিতে অক্সিজেন খালাস কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন বলেন, ভারত থেকে রেলপথে দেশে ৬ষ্ঠ ধাপে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭২ মেট্রিক টন তরল অক্সিজেন এলো।
তিনি বলেন, এ খালাস কার্যক্রম সোমবার পর্যন্ত চলবে। খালাস কার্যক্রম শেষে অক্সিজেনবাহী ট্যাংকলরিগুলো সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রক্রিয়াকরণ শেষে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। এর আগে ৫ম ধাপে ভারত থেকে রেলপথে ৯৮২ মেট্রিক টন অক্সিজেন দেশে আসে।