বৃষ্টিতে ভাসল শেষ দিন, ইংল্যান্ড-ভারত প্রথম টেস্ট ড্র

ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে রোমাঞ্চের আভাস ছিল। কিন্তু তাতে জল ঢেলে দিল বৃষ্টি। একটা বলও এদিন মাঠে গড়াতে পারল না। ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট তাই ড্র হলো।

রবিবার যে কোনো ফলই হতে পারত ম্যাচটিতে। ২০৯ রানের লক্ষ্যে ভারত চতুর্থ দিন শেষ করেছিল ১ উইকেটে ৫২ রান। জয়ের জন্য আরো ১৫৭ রান প্রয়োজন ছিল অতিথিদের। ইংলিশদের প্রয়োজন ছিল ৯ উইকেট।

তাই যে কোনো দলই জিততে পারত। আবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির শঙ্কা থাকায় ড্রয়েরও আভাস ছিল। শেষ পর্যন্ত শেষটাই ঘটল। যা আসলে চাননি কোনো দর্শক।

ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনেও বৃষ্টি বাগড়া দিয়েছে। আর এদিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৮৩ রান তুলেছিল। বিপরীতে ভারত ২৭৮ রান করে। পরে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করেছিল। ম্যাচসেরা হয়েছেন জো রুট। লর্ডসে বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।