বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যে ছিলেন বঙ্গমাতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামী জীবনের অবিশ্বাস্য সাফল্যের নেপেথ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নিঃস্বার্থ সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সব অর্জনের নেপথ্যে জীবন সঙ্গিনী হিসেবে বঙ্গমাতার ত্যাগ, ধৈর্য, সহযোগিতা ও সমর্থন বিরাট ভূমিকা রেখেছে। বঙ্গমাতার সহযোগিতার কারণেই বঙ্গবন্ধুর সাহসী সংগ্রামী জীবনে বড় বড় অর্জন সম্ভব হয়েছে।’

গতকাল রবিবার ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএসএমএমইউর বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এদিন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ। এছাড়াও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে চিকিৎসকদের জন্য করোনাভাইরাস প্রতিরোধমূলক সুরক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিজ্ঞপ্তি।