কুমিল্লার দাউদকান্দিতে সরকারিভাবে নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সেন্টারের বারান্দায় টিকটক ও লাইকি ভিডিও শ্যুটিং করায় মোহাম্মদ ইয়াছিন (২০) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার গভীর রাতে জেলার দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। গতকাল সকালে কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অপর মডেল তরুণীসহ তার সহযোগীদেরও আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সম্প্রতি দাউদকান্দিতে সরকারিভাবে নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সেন্টারের বারান্দা ও সিঁড়িতে হিন্দি গানের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ও লাইকি ভিডিও শ্যুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। তাদের ধারণকৃত ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যম ও স্থানীয় মুসল্লিদের মধ্যে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে ভিডিও নির্মাতাকে আটক করেছে পুলিশ।