কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৭০ ভরি ওজনের ৩৩টি মায়ানমারের স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উখিয়ার টিভি টাওয়ারের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
আটক মো. জয়নুল আবেদীন (৬৫) নাইক্ষ্যংড়ি উপজেলার তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মৃত ফজর আহম্মদের ছেলে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির সদস্যরা।
সীমান্ত হতে কুতুপালংয়ের দিকে পায়ে হেঁটে আসতে দেখে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তাকে তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাঁজ থেকে ৪৭০ ভরি ওজনের মায়ানমারের ২৪ ক্যারেট/৯৯৯.৯৯ পিওর ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার কাছ হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।