অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নের সিরিজটা অবশেষে শেষ হলো। তবে সেই শেষটায় লেগে থাকল বড় কালি।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ১২৩ রানের লক্ষ্যে মাত্র ৬২ রানের গুটিয়ে গেল সফরকারীরা। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ে মাত্র ২৪ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে এই পরিণতি দলটির।
৬০ রানের জয়ে ৪-১ এ সিরিজ শেষ করল বাংলাদেশ। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এদিন ১০০তম উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব মাত্র ৯ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। সাইফউদ্দিন ১২ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় পাঁজি গড়তে পারেনি দলটি। ৮ উইকেটে ১২২ রান তুলতে পারে। জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় অজিরা।
দলটির পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক ম্যাথু ওয়েড। ১৭ রান আসে বেন ম্যাকডারমটের ব্যাট থেকে।
আগের ম্যাচে ৪ ওভারে ৫০ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন সাকিব। আর এদিন ৩.৪ ওভারে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। ১১তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি। এ ছাড়া শুরুতে নিজের দুই ওভারে ২ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন নাসুম আহমেদ। ১ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মোহাম্মদ নাঈম। ২৩ বলে ১ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান মাহমুদউল্লাহর। ১৪ বলে ১ ছক্কায় এই রান করেন তিনি।
এ ছাড়া সৌম্য সরকার ১৮ বলে ১৬, মেহেদি ১২ বলে ১৩, আফিফ ১১ বলে ১০ রান করেন।
অজিদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন নাথান এলিস ও ড্যান ক্রিশ্চিয়ান। একটি করে উইকেট নেন অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা।
ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন সাকিব আল হাসান।
সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচটা জিতেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ ম্যাচে ফের জয় বাংলাদেশের।