করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে যুদ্ধ পাল্টে যাচ্ছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার থাকা ও না-থাকা দেশগুলোর বিভাজন আরও গভীর হচ্ছে। বিশেষ করে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্ট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার কারণে ধনী দেশগুলো নিজেদের কাছে থাকা টিকা আরও আঁকড়ে ধরছে। এমন সময় তারা এই পদক্ষেপ নিচ্ছে যখন টিকার অভাবে বিশ্বের অনেক স্থানে মানুষের মৃত্যু হচ্ছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ বুস্টার ডোজের প্রতি আগ্রহী হয়ে উঠছে। ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দিয়ে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে অনেক দেশ।
ডিউক ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনোভেশন সেন্টারের সহকারী পরিচালক অ্যান্ড্রিয়া টেইলর জানান, বৈশ্বিক সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজকে অগ্রাধিকার দেওয়ার ফলে উচ্চ আয়ের দেশসহ সবাইকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলা হবে। এতে করে মহামারী শেষ হবে না।