ভাড়ায় গাড়ি নিয়ে বিক্রি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

কথিত পোশাক কারখানার জন্য গাড়ি ভাড়া নিয়ে তা মালিককে না জানিয়ে বিক্রি করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলো, হোতা আবদুল কাইয়ুম ছোটন, তার সহযোগী আবদুল হাই, আলমগীর, নাজমুল, সানী, চোরাই গাড়ির ক্রেতা রানা ও শামীম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতটি গাড়ি। গতকাল সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, “ছোটনের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। তিনি কক্সবাজারে প্রত্যাশা নামে একটি এনজিওতে কাজ করতেন। প্রতারণার কারণে সেখান থেকে চাকরিচ্যুত হন। এরপর ঢাকায় এসে গাজীপুর বোর্ডবাজার এলাকার শহীদ সিদ্দিক লেনের ৫৮৫ নম্বর চারতলা বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে ‘একে ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা চালু করেন। এর তিন-চার মাসের মাথায় ফেইসবুকের বিভিন্ন ‘রেন্ট-এ-কার’ পেজে গাড়ি ভাড়া নেবেন বলে বিজ্ঞাপন দেন। পরে বিলাসবহুল দামি গাড়ি মাসিক ৩০ থেকে ৩৫ হাজার টাকায় ভাড়া নেন। প্রথমে মালিকদের ভাড়া ঠিকমতোই দেন। পরে নয়-ছয় শুরু করেন। এমনকি মালিককে না জানিয়ে গাড়িও বিক্রি করে দেন। চার মাসে তিনি ২৫-৩০টি গাড়ি বিক্রি করেন। পরে ৩ কোটি ৮০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।”