পবিত্র আশুরা ২০ আগস্ট

বাংলাদেশের আকাশে গতকাল সোমবার কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১১ আগস্ট (আগামীকাল বুধবার) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এ হিসাবে ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ১০ মহররম পবিত্র আশুরার দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বে মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। একই সঙ্গে ইসলামের বিভিন্ন নবীদের সঙ্গেও এই দিনটির বিশেষ সম্পর্ক রয়েছে। দেশ-বিদেশের শিয়া মতাবলম্বীরা শোক স্মরণে মহররম মাসের প্রথম ১০ দিন নানা কর্মসূচি পালন করেন। আশুরার দিনে তাজিয়া বের করা হয় শোকের আবহে, যা করোনার কারণে বিগত বছর হয়নি।