শরীয়তপুর সদর উপজেলায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়লে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শ্রমিক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুরাশি বালারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ব্যাপারী (৩২) শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দিন ব্যাপারীর ছেলে।
আহতরা হলেন- শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মৃত সাদেম আলী সরদারের ছেলে মজিবর সরদার (৬০), হাশেম শিকদারের ছেলে আবু তাহের শিকদার (৫৫), গোলাপ খানের ছেলে ছনেট খান (৬০) ও আব্দুর রহমান হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার (৩৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর সদর থেকে আসা পাথর ভর্তি একটি ট্রাক নড়িয়া উপজেলার দিকে যাওয়ার পথে কুরাশি বালারবাড়ি একটি বেইলি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে পড়ে। নিচে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। ট্রাকটি নিচে পড়লে নয়ন নামের একজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও চারজন মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।