পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে নানা

পরীমনিকে দেখতে এই প্রথম তার পরিবারের কোনো সদস্য আদালতে প্রাঙ্গণে এসেছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দেখা যায় তার নানা শামসুল হককে।

চার দিনের রিমান্ড শেষে পরীমনিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতে তোলা হয়।

এ সময় মাদক দ্রব্য আইনে করা মামলায় পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।

ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গত বুধবার বিকেলে পরীমনির বনানীর বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা।

প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব।

এ ঘটনায় পরদিন পরীমনির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করে।

এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‍্যাব ওই অভিযানে যায়। রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র‍্যাব। এ ঘটনায় রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুইটি মামলা করা হয়।