সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার টাঙ্গাইল কভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, জনগণের সেবায় সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং থাকবে।

সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে আগামীতেও অসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে অসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রধানকারী ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। এছাড়াও সাধারণ জনগণের সঙ্গেও কথা বলেন তিনি।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস এম সিরাজুল হক, প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।