কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে করোনার টিকার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুতুপালং ক্যাম্প ৪ এক্সটেনশন এ আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত।
এ সময় শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে।
পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, আজ ১০ আগস্ট সকাল ১১টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে।
আগামী ১৮ আগস্ট পর্যন্ত ক্যাম্পে এই টিকা প্রদান কার্যক্রম চলবে। আজ প্রথম দিন ৫৬টি টিকা দান কেন্দ্রে ৭ হাজার জন রোহিঙ্গাকে টিকা দেয়ার জন্য কার্ড দেয়া হয়েছে।
কেন্দ্রে আসা রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এই টিকা দিচ্ছেন। রোহিঙ্গারা জানিয়েছেন, তারা করোনা মহামারী থেকে বাঁচতে এই টিকা নিচ্ছে। তারা সরকারকে ধন্যবাদ জানান।
কর্মকর্তারা জানান, ৫৫ বছরের ঊর্ধ্ব ছাড়াও ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমামসহ প্রায় ১৮ হাজার জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে। টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ইউএনএইচসিআর- আইওএম বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।