সুনামগঞ্জে পাহাড়ি ঢল: বাঁধে ভাঙন, গ্রাম প্লাবিত

সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সদর উপজেলার মঙ্গলকাটা বাজার ও আশপাশের গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে ভেসে গেছে এলাকার ৩০টি পুকুরের মাছ।

মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে উজান থেকে ব্যাপক পরিমাণ পাহাড়ি ঢলে সীমান্ত এলাকার মঙ্গলকাটা বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হয়।

স্থানীয়রা বলেন, রবিবার থেকে সুনামগঞ্জে টানা বৃষ্টি হচ্ছে। এ কারণে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। সোমবার রাতেও ব্যাপক বৃষ্টি হয়। আজ সকালে ঢলের পানির চাপে মঙ্গলকাটা বাজারের পাশের ধলাই নদের বেড়িবাঁধ ভেঙে বাজার, আশপাশের সড়ক ও গ্রামের ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়। একই সঙ্গে অন্তত ৩০টি পুকুরের মাছ ভেসে যায়।

প্রতিবছর এই সময়টায় সীমান্তের ওপারে ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে।

মঙ্গলকাটা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী বিকেলে বলেন, সকালে পানি বেশি ছিল। এখনো বাজারে হাঁটুসমান পানি আছে। অনেকের দোকান থেকে পানি নামেনি। ঢলে শতাধিক দোকান প্লাবিত হয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, পাহাড়ি ঢলে অন্তত এলাকার ৩০টি পুকুরের মাছ ভেসে যাওয়ায় মাছচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সকালে কোনো কিছু বোঝার আগেই ঢলের পানি চলে আসে।

স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকশেদ আলী বলেন, ‘পাহাড়ি ঢল প্রতিবছরই নামে। কিন্তু এবার বেশি পরিমাণে নেমেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা হয়েছে বেশি। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদেরও অবহিত করেছি।’