মেসি ব্যালন ডি’অর জিতলে প্রদর্শনী হবে পিএসজির মাঠে

গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ৩৮ গোল করেছেন বার্সেলোনার জার্সি গায়ে। জাতীয় দলের হয়ে পরম আরাধ্য আন্তর্জাতিক শিরোপা এসেছে কোপা আমেরিকার রূপ ধরে। এবার ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে বেশ এগিয়েই আছেন মেসি। কিন্তু বার্সেলোনার হয়ে অসাধারণ মৌসুম কাটিয়ে মেসি যদি ব্যালন ডি’অর জেতেন, তাহলে অন্যান্য বারের মতো বার্সেলোনার মাঠে সেই শিরোপার প্রদর্শনী করতে পারবেন কি? নিয়ম বলছে, না। মেসির ওই অর্জন যতই বার্সার জার্সি গায়ে হয়ে করা গোলগুলোর কারণে হোক, ব্যালন ডি’অর বা ফিফা বেস্ট খেলোয়াড়ের স্বীকৃতি এলে সেটা দেখাতে পিএসজির পার্ক দি প্রিন্সেসেই প্রদর্শনী করতে হবে মেসিকে।